কর সেবার মাধ্যমে নবরূপে নির্মিত হচ্ছে গুরুদ্বারা গুরু কা বাগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা (১১ অক্টোবর ‘২৬):- শিখ সম্প্রদায়ের নিরলস পরিশ্রমে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৮, নারিকেল ডাঙা মেন রোডে নবরূপে নির্মিত হচ্ছে ‘গুরুদ্বারা গুরু কা বাগ’।

‘গুরুদ্বারা গুরু কা বাগ’-এর অধ্যক্ষ হরজীৎ সিং-এর বক্তব্য অনুযায়ী, “দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশ ‘কর সেবা’-র মাধ্যমে ধীরে ধীরে গড়ে তুলছে তাঁদের শান্তির স্থান গুরুদ্বারা।”
বিভিন্ন বয়সের নরনারীকে গত কয়েকদিন ধরে গুরুদ্বারায় কায়িক পরিশ্রম করতে দেখা যাচ্ছে।

আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গুরুদ্বারার মহাসচিব ধীরজ সিং জানিয়েছেন, “এই গুরুদ্বারা ২০০ বছরের পুরনো। বর্তমানে ৮ হাজার বর্গফুট এলাকা নিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থাপত্য রূপে সামনে আসতে চলেছে ‘গুরুদ্বারা গুরু কা বাগ’।”

আজ পর্যন্ত কলকাতার কোনো গুরুদ্বারায় পুষ্করিণীর অস্তিত্ব না থাকলেও এই গুরুদ্বারায় রয়েছে নিজস্ব জলাশয়। অদূর ভবিষ্যতে এই জলাশয়ও নয়নাভিরাম হয়ে উঠবে বলে গুরুদ্বারা কর্তৃপক্ষের আশা।

বাবা মহীন্দর সিংয়ের উপস্থিতিতে গুরুদ্বারার মহাসচিব জানিয়েছেন, “অত্যন্ত সুন্দর ভিয়েতনামী মার্বেল দিয়ে নির্মিত হবে ‘গুরুদ্বারা গুরু কা বাগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *