- সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, KSEDA-র সহযোগিতায় কলকাতার জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত মেয়েদের ও মহিলাদের নেতৃত্ব, জনগণনা ২০২৭-এ তাঁদের সঠিক অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব এবং তাঁদের উপযোগী ও সহজে ব্যবহারযোগ্য তথ্যের প্রাপ্তির বিষয়গুলি বিশেষভাবে তুলে ধরা হয়।
কলকাতা, ১৮ নভেম্বর ২০২৬: কলকাতার জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিশেষভাবে নজর কাড়েন উড়ান নেটওয়ার্কের সদস্যরা। সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া (সেন্স ইন্ডিয়া), দেশের একমাত্র জাতীয় সংস্থা, যারা বিশেষভাবে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করে, কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি অ্যাবলড (KSEDA)-এর সহযোগিতায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ‘শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত মেয়েদের ও মহিলাদের নেতৃত্ব ও অধিকার আদায়ের দক্ষতা গড়ে তোলা’ শীর্ষক এই সম্মেলনে তাঁদের অধিকার, আকাঙ্ক্ষা ও নেতৃত্বের প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে রাখা হয় শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের, বিশেষত মেয়েদের ও মহিলাদের।
এই সাংবাদিক সম্মেলনের নেতৃত্ব দেন উড়ান নেটওয়ার্কের শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত প্রাপ্তবয়স্ক সদস্যরা। উড়ান হল সেন্স ইন্ডিয়ার একটি জাতীয় নেটওয়ার্ক, যার সঙ্গে দেশের ২৫টি রাজ্যের প্রায় ২৮০ জন এমন ব্যক্তি যুক্ত রয়েছেন। এই নেটওয়ার্ক পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সম্মিলিতভাবে অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার একটি মঞ্চ প্রদান করে। এর মাধ্যমে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা, বিশেষত মেয়েরা ও মহিলারা, সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নিতে, নিজেদের অধিকারের পক্ষে সোচ্চার হতে এবং তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম হন।
চারজন বক্তা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিজেদের জীবনযাত্রা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা ভাগ করে নেন। ২৪ বছর বয়সি অ্যালিস উইলিয়াম একজন শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত তরুণী। শিল্পকলা ও হস্তশিল্পের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। পাশাপাশি তিনি একজন উৎসাহী নৃত্যশিল্পীও। ১৯ বছর বয়সি অনুরাধা মণ্ডল একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি নিজের ভালোবাসাকেও সমানভাবে গুরুত্ব দেন তিনি। ৩১ বছর বয়সি সুমন বৈদ্য শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত এক তরুণ। বর্তমানে তিনি মাস্টার অফ এডুকেশন (এম.এড.) ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছেন এবং একজন প্রতিভাবান বাঁশিবাদক। অন্যদিকে, ২৩ বছর বয়সি শ্রুতি শ একজন দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত তরুণী। নিষ্ঠা ও নিরন্তর শেখার প্রতি গভীর আগ্রহ নিয়ে তিনি কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষা, স্বনির্ভরতা এবং সৃজনশীল অভিব্যক্তি নিয়ে চার বক্তা তাঁদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সক্ষমতা, পছন্দ ও আকাঙ্ক্ষাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। পাশাপাশি, তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন বিষয়গুলিতে নিজেদের মতামত তুলে ধরা এবং আলোচনার নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা একটি স্বতন্ত্র প্রতিবন্ধকতা, যা শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি—উভয়ের প্রতিবন্ধকতার সম্মিলিত প্রভাবে সৃষ্টি হয়। এর ফলে একজন ব্যক্তির যোগাযোগ স্থাপন, তথ্যের নাগাল পাওয়া, পারিপার্শ্বিক পরিবেশে চলাফেরা এবং দৈনন্দিন জীবনে অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়ে। সচেতনতার অভাব, যথাযথ শনাক্তকরণের ঘাটতি এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডারের অভাবে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা প্রায়শই নীতি নির্ধারণ, বিভিন্ন কর্মসূচি এবং জনপরিসরের আলোচনায় যথাযথ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হন। মেয়েদের ও মহিলাদের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক বিচ্ছিন্নতা এবং সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বদানের সুযোগের সীমাবদ্ধতার কারণে এই প্রতিবন্ধকতাগুলি আরও জটিল হয়ে ওঠে।
সাংবাদিক সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল আসন্ন জনগণনা ২০২৭। ভারতের তথ্যভান্ডারে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অদৃশ্য থেকে যাওয়ার প্রবণতা দূর করার ক্ষেত্রে এই জনগণনা একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। বক্তারা উল্লেখ করেন, এই জনগোষ্ঠীর সঠিক শনাক্তকরণ ও যথাযথ প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। এর মাধ্যমে তাঁদের প্রকৃত জনসংখ্যা, বিভিন্ন ধরনের প্রয়োজন এবং জীবনযাপনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। পাশাপাশি, তাঁদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি, কর্মসূচি ও সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করাও সম্ভব হবে। জনগণনার বাইরেও তথ্যনির্ভর পরিকল্পনা প্রণয়ন এবং পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থায় প্রতিবন্ধকতা শনাক্তকরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর তাঁরা জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত এক প্রাপ্তবয়স্ক সদস্য সুমন বৈদ্য বলেন, “যদি শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জনগণনায় অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে তাঁদের প্রয়োজনগুলি অদৃশ্যই থেকে যাবে। আর তাঁদের প্রয়োজনগুলি যদি যথাযথভাবে সামনে না আসে, তাহলে তাঁদের অধিকার ও সুযোগগুলিও উপেক্ষিত হওয়ার আশঙ্কা থেকে যায়। স্বীকৃতি পাওয়ার পথে প্রথম পদক্ষেপ হল জনগণনায় অন্তর্ভুক্ত হওয়া।”
আলোচনায় আরও উঠে আসে, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের যোগাযোগ স্থাপন, জ্ঞান অর্জন, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে স্বনির্ভরভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে সহায়ক প্রযুক্তি ও সহজলভ্য তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘ইনসাইট’ (Insight)-এর। এটি একটি জ্ঞান ও তথ্যসম্পদভিত্তিক প্ল্যাটফর্ম, যা শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিয়ে এবং তাঁদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এই উদ্যোগ প্রসঙ্গে সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সিইও ড. উত্তম কুমার বলেন, “শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কেবল পরিষেবার সুবিধাভোগী হিসেবে নয়, বরং নেতা, অধিকারকর্মী এবং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। আজ কলকাতায় উড়ান নেটওয়ার্কের সদস্যরা নিজেদের শিক্ষা, সৃজনশীলতা, স্বনির্ভরতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা নিজেরাই তুলে ধরেছেন। জনগণনা ২০২৭ একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সঠিকভাবে শনাক্ত ও গণনার আওতায় আনা সম্ভব। এর ফলে তাঁদের প্রয়োজন ও জীবনযাপনের বাস্তব অভিজ্ঞতা নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পাবে। একইভাবে, সমাজের সর্বস্তরে তাঁদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে সহজলভ্য তথ্য এবং সহায়ক প্রযুক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভূমিকা হল এমন একটি পরিসর তৈরি করা, যেখানে তাঁদের কণ্ঠস্বর শোনা হবে এবং তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।”
এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি, এই প্রতিবন্ধকতাগুলির প্রভাব এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাযথ, মর্যাদাপূর্ণ ও অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। এই সাংবাদিক সম্মেলনটি কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি অ্যাবলড (KSEDA)-এর সহযোগিতায় আয়োজিত হয়। KSEDA একটি অলাভজনক সংস্থা, যা প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ, জীবনদক্ষতার বিকাশ, ব্যবহারিক শিক্ষামূলক প্রশিক্ষণ, শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধকতা, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত শিশু, তরুণ-তরুণী ও প্রাপ্তবয়স্কদের ক্ষমতায়ন এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করে। পশ্চিমবঙ্গ সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯৬১-এর অধীনে নিবন্ধিত এই সংস্থাটিকে সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ‘স্টেট লার্নিং সেন্টার অন ডেফব্লাইন্ডনেস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
কলকাতার এই সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট বার্তা উঠে এসেছে—শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের নিজেদের কথা বলার, যথাযথ স্বীকৃতি পাওয়ার এবং তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পূর্ণ সুযোগ দিতে হবে।

