কালনা: প্রকৃতির সঙ্গে শিশুদের পরিচয় এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রয়াত মীরা মিশ্রের স্মৃতিতে গড়ে তোলা হয়েছে এক নতুন সবুজ উদ্যান। শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, কল্যাণ স্টোরস প্রাইভেট লিমিটেডের ক্যাম্পাসে উদ্বোধন করা হয় মীরা মিশ্র শিশু উদ্যানের।
প্রকৃতি, বিনোদন ও শিক্ষার মেলবন্ধনে তৈরি এই উদ্যানে তিন থেকে বারো বছর বয়সি শিশুদের জন্য রয়েছে আধুনিক খেলার সরঞ্জাম। পাশাপাশি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমৃদ্ধ সংগ্রহ।
শিশুদের আনন্দময় শৈশব গড়ে তোলা, স্বাস্থ্যকর বহিরাঙ্গন কার্যকলাপে উৎসাহিত করা এবং প্রকৃতির ঔষধি গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও তার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি গড়ে তুলতেও এই উদ্যান বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এই উপলক্ষে এসকেএম গ্রুপের চেয়ারম্যান সুশীল কুমার মিশ্র বলেন, “এই উদ্যানটি মীরা মিশ্রের, প্রকৃতি ও শিশুদের প্রতি ভালোবাসার এক চিরন্তন স্মারক। আমাদের উদ্দেশ্য এমন একটি আনন্দময় পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা খেলাধুলার পাশাপাশি প্রকৃতির অমূল্য ঔষধি সম্পদ সম্পর্কেও জানতে পারবে।”
কালনায় প্রকৃতি ও শিক্ষার মেলবন্ধনে নতুন শিশু উদ্যানের উদ্বোধন

