চা শিল্পে ন্যূনতম টেকসই মূল্য নির্ধারণে টি বোর্ড অফ ইন্ডিয়ার কমিটির সুপারিশকে স্বাগত জানাল চা শিল্পের সংগঠনগুলি


প্রস্তাবিত MSP ব্যবস্থা উৎপাদন খরচের বৃদ্ধি সামাল দিতে, চা উৎপাদকদের ন্যায্য দাম নিশ্চিত করতে, ক্ষুদ্র চা চাষিদের সহায়তা করতে এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করবে
Kolkata, November 10, 2026: টি বোর্ড অফ ইন্ডিয়ার গঠিত ১০ সদস্যের একটি কমিটি চায়ের জন্য ন্যূনতম টেকসই মূল্য (Minimum Sustainable Price বা MSP) চালুর সুপারিশ করেছে। ভারতীয় চা শিল্পে উৎপাদন খরচ এবং বাজারে চা বিক্রি করে পাওয়া দামের মধ্যে যে ব্যবধান ক্রমশ বাড়ছে, তা কমানোর ক্ষেত্রে এই সুপারিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সুপারিশকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (ITA), টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAI), ইউনাইটেড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন অফ সাউদার্ন ইন্ডিয়া (UPASI), কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনস (CISTA) এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান টি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (FITMA)। সংগঠনগুলির মতে, চা উৎপাদকদের ন্যায্য দাম নিশ্চিত করা, ক্ষুদ্র চা চাষিদের স্বার্থ রক্ষা করা এবং এই শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখার জন্য একটি কার্যকর মূল্য নির্ধারণের ব্যবস্থা জরুরি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ ভারত। দেশে প্রতি বছর প্রায় ১,৩৫০–১,৪০০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ চা উৎপাদন করেন ক্ষুদ্র চা চাষিরা। তবে উৎপাদন খরচ যে হারে বাড়ছে, চায়ের বিক্রয়মূল্য সেই হারে বাড়ছে না। গত কয়েক বছরে চায়ের দামে বার্ষিক গড় বৃদ্ধির হার (CAGR) ছিল প্রায় ২–৩ শতাংশ। অন্যদিকে, উৎপাদনের উপকরণ ও অন্যান্য খরচ বেড়েছে আনুমানিক ১০–১৪ শতাংশ হারে। এই ব্যবধানের ফলে চা উৎপাদকদের পক্ষে বাগান ও কারখানার কাজ চালিয়ে যাওয়া, নতুন করে চা গাছ লাগানো, উৎপাদন বাড়ানো এবং গুণমান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
এই সাংবাদিক বৈঠকে চা শিল্পের পাঁচটি সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রতিনিধিত্বে ছিল চা শিল্পের বিভিন্ন অংশ—বড় ও সংগঠিত চা বাগান, ক্ষুদ্র চা চাষি এবং কেনা কাঁচা পাতা প্রক্রিয়াকরণকারী কারখানা। আলোচনায় উঠে আসে, দেশের বিভিন্ন অঞ্চলে চা উৎপাদনের খরচ ও পরিস্থিতি এক নয়। তাই এমন একটি মূল্য নির্ধারণের ব্যবস্থা প্রয়োজন, যা এই পার্থক্যগুলিকে গুরুত্ব দেবে এবং দেশের সব অঞ্চলে চা উৎপাদন চালিয়ে যেতে সাহায্য করবে।
সি. কে. ধানুকা , চেয়ারম্যান ,ধুনসেরি টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলেন, “চা শিল্পে উৎপাদন খরচ ক্রমশ বাড়ছে, অথচ চায়ের বিক্রয়মূল্য প্রায় একই জায়গায় রয়েছে। মজুরি সংক্রান্ত আইন (Code on Wages) কার্যকর হলে মজুরির খরচ আরও বাড়তে পারে। এর ফলে চা উৎপাদকদের আর্থিক চাপ আরও বাড়বে। উৎপাদন খরচ ও বাজারে চা বিক্রি করে পাওয়া দামের মধ্যে বাড়তে থাকা ব্যবধান কমাতে এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে ন্যূনতম টেকসই মূল্য নির্ধারণ জরুরি। এর ফলে উৎপাদকদের আয় খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং মজুরি বৃদ্ধি সামলানো, কর্মসংস্থান বজায় রাখা ও ভারতীয় চায়ের প্রতিযোগিতার ক্ষমতা ধরে রাখা সহজ হবে।”
চা শিল্পের দীর্ঘদিনের কিছু সমস্যার কারণে MSP-র এই সুপারিশ বিশেষ গুরুত্বপূর্ণ। চা উৎপাদনের মোট খরচের প্রায় ৬০ শতাংশই কর্মীদের মজুরি ও অন্যান্য কর্মসংস্থান সংক্রান্ত খরচ। তাই মজুরি বাড়লে উৎপাদকদের ওপর বড় আর্থিক চাপ পড়ে। মজুরি সংক্রান্ত আইনের অধীনে কেন্দ্র ও রাজ্য সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করলে চা উৎপাদনের খরচ আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *