বন্ধন ব্যাঙ্কের ১১ বছর পূর্তি; ২,০০০তম শাখার মাইলফলক স্পর্শ

কলকাতা, ২৪ অগাস্ট, ২০২৬: ১১তম প্রতিষ্ঠা দিবসে বন্ধন ব্যাঙ্ক তাদের বিকাশের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। তামিলনাড়ুর চেন্নাইয়ের এগমোরে ব্যাঙ্কের ২,০০০তম শাখার উদ্বোধন করা হল। নতুন এই শাখা চালুর ফলে সারা দেশে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা পৌঁছল ৬,৪০০-তে। এর ফলে শহর, মফস্বল এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বন্ধন ব্যাঙ্ক এদিন mBandhan Lite-এরও সূচনা করেছে। ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই সহজ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ডিজিটাল ব্যাঙ্কিংকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে। অ্যাপটির মাধ্যমে আধার-ভিত্তিক রেজিস্ট্রেশন, অ্যাকাউন্টের তথ্য দেখা, ঋণের কিস্তি জমা দেওয়া, স্টেটমেন্ট ও বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড, চ্যাটবটের সাহায্য নেওয়া এবং ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় পরিষেবা পাওয়ার সুবিধা মিলবে।

২,০০০তম শাখা এবং mBandhan Lite-এর সূচনা, এই দুই পদক্ষেপই গ্রাহকদের পরিবর্তিত চাহিদা মেটানোর ক্ষেত্রে বন্ধন ব্যাঙ্কের ভাবনার প্রতিফলন। একদিকে যেমন ব্যাঙ্ক তাদের শাখা নেটওয়ার্ক আরও বিস্তৃত করছে, অন্যদিকে ডিজিটাল পরিষেবাকেও আরও সহজ এবং গ্রাহকবান্ধব করে তুলছে। এর মাধ্যমে আর্থিক পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত ও সুবিধাজনক ব্যাঙ্কিং অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের অঙ্গীকার আরও জোরদার হল।

এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “আজ বন্ধন ব্যাঙ্কের সকলের জন্য অত্যন্ত গর্বের দিন। আমাদের ২,০০০তম শাখার উদ্বোধন ব্যাঙ্কের বিকাশ, এবং দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার অঙ্গীকারের প্রতিফলন। চেন্নাইয়ের এগমোরে নতুন শাখা চালুর ফলে সারা দেশে আমাদের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ৬,৪০০-তে পৌঁছেছে। mBandhan Lite-এর সূচনা ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজে ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়ার আমাদের প্রচেষ্টারই অংশ। এই দুটি মাইলফলক উদযাপনের পাশাপাশি আমরা সারা দেশের মানুষ, ব্যবসা এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য সহজ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছি।”

বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে বন্ধন ব্যাঙ্কের উপস্থিতি রয়েছে। সারা দেশে ৬,৪০০টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ব্যাঙ্কটি ৩.২ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *